কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত ৭০ শতাংশ ভর্তুকিতে ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গত ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্রাম উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল্লাহ দিদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ উদ্যোগের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন,কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
