নোয়াখালী মেইল অনলাইন ডেস্ক ।।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মত আজ ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন করবে। এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪টায় জিপিও’র সামনে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভা করবে।
জাসদের সাংগঠনিক জেলা ও উপজেলা কমিটিসমূহ কেন্দ্রের অনুরূপ কর্মসূচির মাধ্যমে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।
সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি গতকাল ৬ নভেম্বর ২০২৬ এক বিবৃতিতে বলেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ছিল ক্ষমতালোভী উশৃংখল অফিসারদের বিশৃঙ্খলা থামাতে এবং ঔপনিবেশিক আমলের বৈষম্যমূলক নিপীড়নমুলক রাষ্টকাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহীদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্ঠা।
মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, জাসদ নেতা, মহান বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাতির সেই ক্রান্তিকালে জাসদ বিপ্লবী বলিষ্ঠতা নিয়ে সিপাহীদের পাশে দাঁড়িয়েছিল।
জাসদের বলিষ্ঠ ও ঐতিহাসিক ভুমিকার কারণে সেদিন ক্ষমতালোভী অফিসার ক্ষমতার জন্য উন্মত্ততা- বিশৃঙ্খলা- কামড়াকামড়ি- খুনাখুনি-রক্তারক্তি বন্ধ হয়েছিল। অসংখ্য অফিসার ও সৈনিকদের জীবন রক্ষা পেয়েছিল। জাসদের বিবৃতিতে বলা হয়, সিপাহী-জনতার অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রকাঠামো বহাল রাখা এবং সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল আবু তাহের বীরউত্তমকে অবৈধ ও বেআইনি সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রহসনমুলক বিচারে ফরমায়েশি রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, তৎকালীন সভাপতি মেজর এম এ জলিল, সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব, জাসদনেতা হাসানুল হক ইনু, রবিউল আলম, মেজর জিয়াউদ্দিন, সার্জেন্ট ইউসুফ, কর্নেল তাহেরসহ জাসদ নেতা এবং বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের দীর্ঘমেয়াদি সাজা প্রদান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেইমানি ও বিশ্বাসঘাতকতার একটি নজির হিসাবে স্থান পেয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, শহীদ কর্নেল তাহেরের শিক্ষা বিপ্লবের দীক্ষা এবং সিপাহী-জনতার অভ্যুত্থান বিপ্লবী রাজনীতির অনুপ্রেরণা হিসাবে যুগ যুগ ধরে বেঁচে আছে।
