কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজার, ওয়াকওয়ে ও প্রধান সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
গত ১৭ অক্টোবর শনিবার বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে সড়ক দখলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, বসুরহাট বাজারকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
