লিভার ভালো রাখতে রোজ সকালে লেবু-মধুর পানি, নাকি ডাবের পানি? কোন অভ্যাস ঠিক, কোনটি ভুল-জানালেন ডা. এস কে সারিন
স্বাস্থ্য মেইল ডেস্ক ।।
সকালে ঘুম থেকে উঠে লেবু-মধুর পানি, নাকি খালি পেটে ডাবের পানি-কোনটি বেশি উপকারী? শরীর ডিটক্স করার জন্য কি আদৌ এমন পানীয় প্রয়োজন? পেট পরিষ্কার করা থেকে লিভারের স্বাস্থ্য, দৈনন্দিন অভ্যাস নিয়ে কী বলছেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ডা. এস কে সারিন?
Lemon Water vs Coconut Water: সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জলে লেবু-মধু মিশিয়ে খান? কেউ আবার খালি পেটে ডাবের পানি পান করেন। অনেকের ধারণা, এই অভ্যাসে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়, লিভারও থাকে সুস্থ। কিন্তু সত্যিই কি শরীরকে ‘ডিটক্স’ করতে এমন পানীয়ের প্রয়োজন? পেট পরিষ্কার করার জন্য সকালে গরম জল খাওয়াই বা কতটা যুক্তিযুক্ত?
টাইমস নেটওয়ার্ক ইন্ডিয়া হেলথ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এ এই ধরনের পরিচিত অভ্যাস নিয়ে নিজের মতামত জানিয়েছেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ডা. এস কে সারিন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, সকালে কী পান করছেন, তার পাশাপাশি কেন পান করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। জেনে নিন তাঁর পরামর্শ।
প্রশ্ন: সকালে উঠে পেট পরিষ্কার করার জন্য গরম পানি খাওয়া কি জরুরি?
উত্তর: অনেকেই মনে করেন, সকালে ঘুম থেকে উঠে গরম বা ঈষদুষ্ণ পানি না খেলে পেট পরিষ্কার হবে না। ডা. সারিন এই অভ্যাসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, মলত্যাগের স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে মস্তিষ্ক ও অন্ত্রের যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু গরম পানি খেয়ে মলত্যাগ করানোর চেষ্টা করা উচিত নয়।
তবে এর অর্থ এই নয় যে সকালে জল খাওয়া ক্ষতিকর। ঘুমের পর শরীরে জলের ঘাটতি পূরণ করতে জল পান করা স্বাভাবিক অভ্যাস। কিন্তু মলত্যাগের জন্য গরম পানিকেই বাধ্যতামূলক নিয়ম হিসেবে ধরে নেওয়ার প্রয়োজন নেই।
প্রশ্ন: সকালে খালি পেটে লেবু-মধুর পানি খেলে কি শরীর ডিটক্স হয়?
উত্তর: শরীরকে ডিটক্স করার জন্য লেবু-মধুর পানি অপরিহার্য, এমন প্রমাণ নেই। শরীরের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ায় লিভার ও কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিশেষ কোনও পানীয় খেলেই শরীরের সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যায়, এমন ধারণা ঠিক নয়।
লেবুতে ভিটামিন সি রয়েছে। খাবারের সঙ্গে লেবু খেলে উদ্ভিজ্জ খাবারে থাকা আয়রন শরীরে শোষিত হতে সাহায্য করতে পারে। কিন্তু সেই উপকার পেতে খালি পেটে লেবু খেতেই হবে, এমন নয়। মধু যোগ করলে পানীয়তে চিনি ও ক্যালোরির পরিমাণও বাড়ে। তাই মধু মেশানো পানিকে নিঃশর্তে স্বাস্থ্যকর বা ওজন কমানোর পানীয় হিসেবে দেখা উচিত নয়।
প্রশ্ন: রোজ সকালে ডাবেরজল খাওয়া কি প্রয়োজন?
উত্তর: ডাবের পানিতে পটাশিয়াম-সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে। তবে প্রতিদিন সকালে খালি পেটে ডাবের পানি খেতেই হবে, এমন কোনও নিয়ম নেই। ডা. সারিনও প্রতিদিনের অভ্যাস হিসেবে ডাবের পানি পান করার প্রয়োজনীয়তা নিয়ে সতর্ক করেছেন।
শরীরে পানির ঘাটতি পূরণ করার জন্য সাধারণ পানীয় পানিই যথেষ্ট। সুষম খাবার থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার চেষ্টা করা উচিত। ডাবের পানি খেতে চাইলে তা খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু একে বাধ্যতামূলক স্বাস্থ্যরীতি হিসেবে নেওয়ার প্রয়োজন নেই।
প্রশ্ন: তা হলে সকালে উঠে কী পান করবেন?
উত্তর: শরীরের পানির প্রয়োজন মেটানোই প্রথম কথা। সকালে উঠে সাধারণ পানি পান করতে পারেন। লেবু মেশানো জল পছন্দ হলে সেটিও খাওয়া যায়। ডাবের পানিও খাদ্যাভ্যাসে রাখা যেতে পারে। কিন্তু কোনও একটি পানীয়কে শরীর পরিষ্কার করা বা লিভার সুস্থ রাখার বিশেষ উপায় বলে ধরে নেওয়া ঠিক নয়।
ডা. সারিনের বক্তব্যের মূল কথা হল, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অকারণ নিয়মের উপর নির্ভর না করে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মনে রাখবেন: লেবু-মধুর পানি বা ডাবের পানি খেলেই লিভার সুস্থ থাকবে, এমন নিশ্চয়তা নেই। আবার সকালে সাধারণ পানি পান করলেই প্রত্যেকের মলত্যাগের সমস্যা মিটে যাবে, এমনও নয়। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে বা মলত্যাগে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
