কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কুপে ডিলিং শেষে গ্যাসের সন্ধান মিলে। আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে গ্যাসের সন্ধান নিশ্চিত করেছে। রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কুপ থেকে দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। এমনটাই বলে আশা করছে বাপেক্স।
আজ ২ নভেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত আগুনের উত্তাপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সন্ধান মিলবে এবং জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, কূপটি থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
