নগর প্রতিনিধি ।।
কুমিল্লার আগে ‘নোয়াখালী বিভাগ’ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ৭ মার্চ শনিবার বৃহত্তর নোয়াখালী সোসাইটি উত্তরা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি। এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে, প্রশাসনিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কুমিল্লার আগে নোয়াখালী বিভাগের অগ্রাধিকার পাওয়া উচিত।
তিনি আরও বলেন, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেও এই দাবি আদায় করতে হবে এবং সে আন্দোলনে তিনিও জনগণের সাথে থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এছাড়াও উত্তরা সোসাইটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং ঢাকা-১৮ আসনে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে এলাকার উন্নয়ন, ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
